শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৯:৩৬ পিএম
  1. Lead News
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমরা
  7. কর্পোরেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকুরীর খবর
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিজ্ঞান-প্রযুক্তি

ময়মনসিংহে রমজানে বাড়বে না পণ্যের দাম

প্রতিবেদক
যায়যায়দিন
March 24, 2023 2:57 pm

পবিত্র রমজানকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় কোনো ধরনের পণ্যের দাম বাড়ানো যাবে না বলে ব্যবসায়ীদেরকে সাফ জানিয়ে দিয়েছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম।

তিনি বলেন, পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের সকলের সহযোগিতায় বাজার স্থিতিশীল রাখতে চাই। প্রকৃত মুনাফার চেয়ে অতিরিক্ত মুনাফা না করলে মোবাইল কোর্টেরও প্রয়োজন হবে না।

শুক্রবার(২৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ চেম্বার ও জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ করে আমিনুল হক শামীম এসব কথা বলেন।

রোজার মাসে ব্যবসায়ীদের মানবিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানহীন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করবেন না। কোনো ব্যবসায়ী ওজনে কম দেওয়ার চেষ্টা করবেন না। আপনাদের এসব কিছু মনিটরিং করার জন্য আমাদের একটি টিম সার্বক্ষণিক বাজারগুলোতে থাকবে।

বাস মালিক সমিতির উদ্দেশে আমিনুল হক শামীম বলেন, ইফতারের তিন ঘণ্টা আগে যেসব যাত্রী গন্তব্যের উদ্দেশ্যে বাসে উঠবেন, তাদের জন্য পানি-খেজুর-বান রুটি রাখবেন।

সভায় ব্যবসায়ী সমিতির নেতারা তাকে আশ্বস্ত করে বলেন, রমজানে ময়মনসিংহে কোনো পণ্যের দাম বাড়বে না। সরকারি নির্দেশনা মেনে বাজার স্থিতিশীল রাখা হবে। শনিবার থেকে প্রতিটি বাসে পানি-খেজুর-বান রুটি রাখা হবে বলেও আশ্বস্ত করেন পরিবহন নেতারা।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, ময়মনসিংহ চেম্বারের সহ-সভাপতি শংকর সাহা, মটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহাসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে রমজানকে কেন্দ্র করে গরু, খাসি, ছাগল ও ভেড়ার মাংসের দাম উল্লেখ করে নির্ধারণ করে দিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে সিটি করপোরেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়- মাংসের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে মাংস বিক্রেতা সমিতির সঙ্গে আলোচনা করে গরুর মাংস ৬৫০-৭০০ টাকা, খাসির মাংস এক হাজার টাকা, ভেড়ার মাংস ৭০০-৭৫০ টাকা ও ছাগলের মাংস ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ - সারাবাংলা