ফুটবল বিশ্বকাপের মতো মঞ্চে এক অভিনব প্রতিবাদের ছবি সামনে আনলেন কাতারের সমকামী চিকিৎসক ড. নাসের মুহাম্মদ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি ঐতিহ্যবাহী কাতারি ‘বিষ্ট’ পোশাক পরে হাজির হন। সেই পোশাকে ছিল রংধনুর নকশা। যা LGBTQ+ সম্প্রদায়ের প্রতীক।
সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত একটি বিশ্বকাপ ম্যাচের সময় ড. মুহাম্মদকে দেখা যায় সোনালি-কালো পোশাকে। কানে ঝোলা দুল, চোখে মাসকারা, পায়ে হাই হিল। পোশাকের হাতায় রংধনুর আভা এবং আরবিতে লেখা ‘ভালোবাসা’ এবং ‘স্বাধীনতা’। এমন পোশাক পরে গোটা স্টেডিয়াম চত্বরে ঘুরে বেড়ান।
সেই ডাক্তারের দাবি, বিশ্বকাপ এমনই এক মঞ্চ, যেখানে নিজের পরিচয় নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন হয় না। স্রেফ উপস্থিতিই বার্তা পৌঁছে দিতে পারে।
ড. নাসের কাতারের বাসিন্দা। নিজেকে প্রকাশ্যে সমকামী বলে ঘোষণা করেছেন। মধ্যপ্রাচ্য দেশে সচরাচর এই ছবি দেখা যায় না। তাই তিনি বিরল ব্যক্তিদের একজন। ২০২২ সালের বিশ্বকাপের সময় প্রকাশ্যে নিজের যৌন পরিচয় জানান তিনি। কাতারে সমকামী সম্পর্ক আইনত নিষিদ্ধ হওয়ায় তাকে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে হয়।
বর্তমানে তিনি শুধু একজন চিকিৎসক নন, LGBTQ+ অধিকারকর্মী হিসেবেও সক্রিয়। ‘Love is the Goal’ নামে তার প্রচার অভিযান বিশ্বকাপের মতো বড় ইভেন্টকে ব্যবহার করে সমতা ও মানবাধিকারের বার্তা ছড়ানোর চেষ্টা করছে।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, সবসময় সমর্থন পান না ড. নাসের। ঘৃণা, হুমকি তার সঙ্গী। এছাড়াও অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাকে। তবুও বিশ্বজুড়ে মানুষের সহানুভূতি এবং সমর্থন তার লড়াইকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করছে।
তার মতে, বিশ্বকাপ শুধুমাত্র ফুটবল নয়। এটি মানবাধিকারের প্রশ্ন তুলে ধরারও একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। ‘ভালবাসা কোনও অপরাধ নয়’ – এই বার্তাই তিনি পৌঁছে দিতে চান গোটা বিশ্বের কাছে। ড. নাসের এই প্রতিবাদ দেখিয়ে দিল, ক্রীড়ার মঞ্চও কখনও সামাজিক পরিবর্তনেরও বড় হাতিয়ার হয়ে উঠতে পারে।

















